কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি ঘানার সেই ওঝার
প্রভাতী খবর ডেস্ক:
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দিয়ে আলোচনায় আসা ঘানার সেই ওঝা নানা কোয়াকু বনসাম এবার নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।
আগামী ৪ জুলাই রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে আর্জেন্টিনা নবাগত কেপ ভার্দের বিপক্ষে হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার সেই ওঝা। তার ভাষ্য, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’
এর আগে গ্রুপপর্বের সবগুলো ম্যাচে জয় নিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলকে রুখে নকআউটে এসেছে।
গ্রুপ পর্বে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করে আলোচনায় আসেন এই ওঝা। তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’
সেই ম্যাচে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে থ্রি লায়ন্সরা। অধিনায়ক হ্যারি কেইনও ছিলেন নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনি বলার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি। একটি সুযোগ পেলেও সেই শটে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।
এদিকে ম্যাচ শেষে ইংলিশ অধিনায়কের ওপর থেকে ‘জাদু’ তুলে নেওয়া হয়েছে বলেও দাবি করেন এই ওঝা। এমনকি পানামার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গোল পাবেন বলেও জানান তিনি। তার কথা মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে গোলের দেখা পান হ্যারি কেইন। এবার আর্জেন্টিনাকে নিয়ে করা তার ভবিষ্যদ্বাণী মিলবে কি-না, সেটাই এখন দেখার বিষয়।
এর আগেও এমন দাবি করে নানা কোয়াকু বনসাম আলোচনায় এসেছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে হাঁটুর চোটে পড়েছিলেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় রোনালদোর ইনজুরির পেছনে নিজের জাদুটোনার ভূমিকা ছিল বলেও দাবি করেছিলেন তিনি।