নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পেয়েছেন দলের বর্তমান কমিটির সহসভাপতি (১) ক্যামেলিয়া মজুমদার। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সামছুর রহমান লিটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ২১ নভেম্বর কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ফৌজদারের মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য হয়ে যায়। এ কারণে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় বিভিন্ন অসুবিধা সৃষ্টি হচ্ছিল বলে জেলা আওয়ামী লীগের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়।
৩১ জুলাই শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে গঠনতান্ত্রিক রেওয়াজ অনুসরণ এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শক্রমে ক্যামেলিয়া মজুমদারকে সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। বিদ্যমান অনুমোদিত কমিটিতে তিনি সহসভাপতি হিসেবে এক নম্বর ক্রমধারায় দায়িত্ব পালন করছিলেন।
জেলা আওয়ামী লীগের চিঠিতে বলা হয়, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ফৌজদারের মৃত্যুর পর সভাপতির পদটি দীর্ঘদিন শূন্য ছিল। ফলে দলীয় কার্যক্রম পরিচালনায় নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল।
চিঠিতে আরও বলা হয়, ক্যামেলিয়া মজুমদারের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে জেলা আওয়ামী লীগ আশাবাদ ব্যক্ত করেছে।
ক্যামেলিয়া মজুমদার নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের সহধর্মিণী এবং সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের সহোদর ছোট বোন।