জাতীয়

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি বিবেচনা করলে রাষ্ট্রকে তো এডজাস্ট করতে হয়। তবে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে।

জ্বালানির দাম কমার সময় পরিবহন ভাড়া কমানো হয়নি, অথচ এখন দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানো হচ্ছে, এ বিষয়ে মন্ত্রী বলেন, সবকিছু বিবেচনায় নিয়েছি। কিন্তু আলোচনার পর আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা যৌক্তিক ভাড়া নির্ধারণ করতেই সক্ষম হয়েছি। বিবেচনায় অনেক কিছু আছে, কিন্তু বাস্তবতার জায়গাটা হচ্ছে যে, পরিবহন সেক্টরের ব্যয়ও বেড়েছে, মেইনটেনেন্স ব্যয়ও বেড়েছে।

তিনি বলেন, আমি বললাম যে ডলারের ব্যয়টা বেড়েছে, তারা প্রায় ২০ পয়সার মতো ওখানে দাবি করে। এ কথা তো অস্বীকার করবেন না, যাদের ভেহিকেল আছে তারা জানেন যে এক্সেসরিজের প্রাইসটা কেমন বেড়েছে, ওয়ার্ল্ডওয়াইড বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। তো সেখান থেকে সরকার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, সবসময় জনস্বার্থ বিবেচনা করে।

দুই দফায় ভাড়া বাড়ানোর কারণে সাধারণ মানুষের কষ্ট বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট তো হবে। কষ্ট তো আর অস্বীকার করা যাবে না।

নির্ধারিত ভাড়ার আগে থেকেই বিভিন্ন জায়গায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, না, গতবার আমি আমার একবারের অভিজ্ঞতা থেকে বলি—গতবার বাড়িয়েছিলাম ১১ পয়সা, কার্যকর হয়েছে, তার চেয়ে বেশি কেউ নেয়নি। এবার ১৭ পয়সা বাড়ানো হয়েছে পার কিলোমিটার, ২০ টাকা পার লিটার দাম বাড়ার ফলে। এর ব্যত্যয় ঘটবে না এবং ঘটতে দেওয়া হবে না।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার পর বিচ্ছিন্নভাবে গতকাল দু-এক জায়গায় বাড়তি ভাড়া চাওয়া হয়েছে। এই প্রবণতাটা আমাদের দেশে আছে। আমাদের দেশে পরিবহন সেক্টর একেবারে সুশৃঙ্খল, একেবারে নীতি-নির্ধারণ-আদেশ মেনে চলে—তা তো না, এটা তো স্বীকার করতেই হবে।

তিনি আরও বলেন, যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তার রুট পারমিট ক্যানসেল হবে, তাকে জবাবদিহির আওতায় নেওয়া হবে, ফাইনের ব্যবস্থা থাকবে, আগামীতে রুট পারমিট থাকবে কি না—সেটা নিয়েও প্রশ্ন।

শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া এখনো বাড়ানোর চিন্তা করছি না। তবে পরশুদিন রেল লঞ্চ নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হবে। লঞ্চে ভাড়া বাড়ানোর দাবি আছে।