আইন ও আদালত

মানবতাবিরোধী মামলা: সেনা কর্মকর্তাদের কারাগার কোথায়, প্রসিকিউটর জানালেন সরকারি সিদ্ধান্ত

মানবতাবিরোধী মামলা: সেনা কর্মকর্তাদের কারাগার কোথায়, প্রসিকিউটর জানালেন সরকারি সিদ্ধান্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তাদের রাখা নিয়ে আইনি প্রক্রিয়া স্পষ্ট করলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আসামিদের কোন জেলে রাখা হবে—এই সংক্রান্ত প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আদালত তাদের শুধুমাত্র কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কাস্টডিতে প্রেরণ অর্থ হলো তারা আইনগতভাবে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন।

তাজুল ইসলাম জোর দিয়ে বলেন, "তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন—এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।" তার মতে, কাস্টডি মূলত রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সুনির্দিষ্টভাবে কারা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। ফলে, কোন কারাগারে আসামিদের রাখা হবে, সেই সিদ্ধান্ত তারাই নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, আদালতের দায়িত্ব শুধু অভিযুক্তদের আইনি কাস্টডিতে পাঠিয়ে দেওয়া, এর পরের প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাহী কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। একইভাবে, আসামিদের আদালতে হাজির করার পদ্ধতি কী হবে, সেই বিষয়েও কারা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আদালত বা প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই। ট্রাইব্যুনালের এই নির্দেশের মাধ্যমে নিশ্চিত হলো যে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা সামরিক বা বেসামরিক যেই হোন না কেন, আইনের চোখে তাদের কাস্টডির প্রক্রিয়া একই।