খেলা

মহাধুমধামে উন্মোচিত বিপিএলের নতুন ট্রফি

মহাধুমধামে উন্মোচিত বিপিএলের নতুন ট্রফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ট্রফি নিয়ে আগে থেকেই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এই ট্রফিটি ফাইনালের আগে আড়ালে রাখায় ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন করা হলো বিপিএলের নতুন ট্রফি।

বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে অবতরণ করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি এবং নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এরপর লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এবারের বিপিএলের দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী। ট্রফি উন্মোচনের মুহূর্তে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক উল্লাসে ফেটে পড়েন।

গত কয়েক আসর ধরেই বিপিএলের ট্রফির ডিজাইন নিয়ে সমালোচনা চলছিল। দর্শক ও ক্রিকেট সংশ্লিষ্টদের সেই সমালোচনার প্রেক্ষিতেই এবারের বিপিএলে ট্রফির নকশায় পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিজাইনের এই ট্রফি ইতোমধ্যে ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে।

এদিকে, ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে বিপিএলের ফাইনালকে ঘিরে উত্তাপ আরও বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।