সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের দ্বৈত বেঞ্চের আদেশে বলা হয়েছে, বিদেশি আদালতের জারি করা পরোয়ানা নিজ ক্ষমতাবলে বাংলাদেশের সীমানায় বলবৎযোগ্য হয় না। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট আদেশের মাধ্যমেও স্থানীয় কর্তৃপক্ষকে এ ধরনের পরোয়ানা কার্যকরে বাধ্য করার সুযোগ নেই, যদি না সংশ্লিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, দুবাইয়ে কর্মরত অবস্থায় অর্থ আত্মসাতের দায়ে ২০২২ সালে মোহাম্মদ আল ফয়জুল আলম নামে এক বাংলাদেশিকে কারাদণ্ড ও প্রায় ১০ কোটি টাকা জরিমানা করেন সেখানকার আদালত। পরবর্তীতে তিনি বাংলাদেশে অন্য একটি মামলায় গ্রেফতার হলে দণ্ডদানকারী মামলার বাদী প্রতিষ্ঠান জেরাব এলএলসি তাঁকে হস্তান্তরের জন্য সরাসরি আবেদন করে এবং পরবর্তীতে হাইকোর্টের শরণাপন্ন হয়।
আদালত পর্যবেক্ষণে জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ না থাকায় এবং রিটকারী প্রতিষ্ঠানটি একটি বেসরকারি কোম্পানি হওয়ায় তাদের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নিতে বাধ্য নয়।




