শুক্রবার রাতে আয়োজিত লাইভ টকশোতে আলোচনার একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে ডক্টর আব্দুল মান্নান সহ-আলোচক রাশেদ খাঁনকে ‘ফালতু লোক’ বলে অভিহিত করেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এমন আক্রমণাত্মক ভাষা প্রয়োগের বিরুদ্ধে তাৎক্ষণিক আপত্তি তোলেন রাশেদ খাঁন এবং সঞ্চালকের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নিজের কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের স্মৃতি তুলে ধরে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আত্মসম্মান বিসর্জন দিয়ে তিনি টকশোতে বসে থাকতে পারেন না। অনুষ্ঠানের সঞ্চালক মানিক পরিস্থিতি শান্ত করতে চ্যানেলের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের আশ্বাস দিয়ে তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করলেও রাশেদ তা প্রত্যাখ্যান করেন।
তাঁর স্পষ্ট দাবি ছিল, যে ব্যক্তি সরাসরি অশালীন মন্তব্য করেছেন, তাঁকেই প্রকাশ্যে তা প্রত্যাহার করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট বক্তা নিজের অবস্থানে অনড় থাকায় কোনো সমাধান না পেয়ে সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লাইভ সম্প্রচার চলাকালীনই স্টুডিও ত্যাগ করেন রাশেদ খাঁন।




