পরিবহন, শিল্প ও ভবন খাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক অঙ্গীকার
মো. রফিকুল ইসলাম গাজী, আন্তালিয়া (তুরস্ক) থেকে:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর কর্মপরিকল্পনায় পরিচ্ছন্ন ও টেকসই বিদ্যুতায়নকে অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এক উচ্চপর্যায়ের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় পরিচ্ছন্ন বিদ্যুতায়ন একটি গুরুত্বপূর্ণ কৌশল। এ লক্ষ্যে পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও স্বল্প কার্বন নিঃসরণনির্ভর করে গড়ে তুলতে হবে।
তারা আরও জানান, শুধু প্রতিশ্রুতি নয়, বরং সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারই হবে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, কপ-৩১-এর কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেওয়ার এ উদ্যোগ বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ-৩১ আলোচনার চেয়ারম্যান ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব সাইমন স্টিল।




