কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড় এলাকায় প্রায় দুই যুগ আগে সংঘটিত একটি ডাকাতির মামলার রায় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২ এর বিচারক শেখ সাদী রহমান এই ঐতিহাসিক রায় দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল মো. হারুন মজুমদারের বসতঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বিভিন্ন প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
রায়ে আসামি আবাদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, তাজুল ইসলাম, মজিবুর রহমান ও আবদুর রহিম—এই সাত আসামিকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও তাজুল ইসলামসহ খালাসপ্রাপ্ত কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন, তবে বাকি আসামিরা পলাতক রয়েছেন।




