তাজউদ্দীন, দিনাজপুর (ফুলবাড়ী):
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়। এতে দেশের ৯০টিরও বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ-তরুণীদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের চাকরি মেলা বেকারত্ব কমানোর পাশাপাশি যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। চাকরি মেলার মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন। এতে কর্মজীবনে প্রবেশের পথ সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রী আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতা কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চাকরি মেলায় শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন খাতের ৯০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ, জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং কর্মসংস্থানবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি দিনাজপুরের অন্যান্য উপজেলা ও আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও মেলায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়া বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ চাকরি মেলার মাধ্যমে স্থানীয় চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আসবে।




