সোহেল আহমেদ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান হাওলাদার (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নিজের ফসলি জমিতে কীটনাশক দিতে যান মিজান হাওলাদার। এ সময় জমির আইলে আগে থেকে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শরণখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফসলি জমিতে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কীভাবে এবং কী উদ্দেশ্যে ফসলি জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়েছিল, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে নিহতের পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্ত করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




