শনিবার (১০ অক্টোবর ২০২৬) মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ডাকাতির এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও মালামাল লুট
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে ঘরের দরজার লক ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে তাকে ও পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে ফেলে।
এরপর ডাকাতেরা ঘরে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটার (সিপিইউ ও মনিটর) সহ প্রায় ১৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার আগে পরিচয় যেন শনাক্ত না করা যায়, সে জন্য ডাকাত দল বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মনিটর, হার্ডডিস্ক ও ওয়াইফাই রাউটারও সাথে করে নিয়ে যায়।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে রাতেই মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা দায়েরসহ প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




