আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের দায়িত্ব নবগঠিত কমিটির; মেয়াদ আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক:
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে ৩৭ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. কবীর হোসেন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান স্বাক্ষরিত ১৯ অক্টোবর জারিকৃত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, নবগঠিত কমিটিতে প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক (হেডকোয়ার্টার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের জন্য আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৩৭ সদস্যের এই কমিটিতে সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অভিজ্ঞ প্রকৌশলীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নির্বাচন আয়োজনই প্রধান দায়িত্ব
নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির ওপর অর্পিত অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আইডিইবির গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর তাদের কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি। আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ কমিটির দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
যাঁরা রয়েছেন নবগঠিত কমিটিতে
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—যুগ্ম আহ্বায়ক (ঢাকা) প্রকৌশলী মো. হানিফ, (ফরিদপুর) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, (ময়মনসিংহ) প্রকৌশলী আবেদুর রহমান, (খুলনা) প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান, (বরিশাল) প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, (রাজশাহী) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি, (রংপুর) প্রকৌশলী মো. সেলিমুর রহমান, (সিলেট) প্রকৌশলী মো. জাহিদুর রহমান দিপু, (চট্টগ্রাম) প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী এবং (কুমিল্লা) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।
যুগ্ম সদস্য সচিব (ঢাকা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এস এম ফিরোজ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রকৌশলী মো. সোহেল রানা। সদস্য (অর্থ) প্রকৌশলী শাহাদত জামিল চৌধুরী, সদস্য (সাংগঠনিক) প্রকৌশলী মো. জসিম সিকদার, সদস্য (সহ-সাংগঠনিক) প্রকৌশলী মো. ওমর ফারুক এবং সদস্য (সহ-সাংগঠনিক—মহিলা) প্রকৌশলী মোসা. নাহিদ সুলতানা।
এ ছাড়া সদস্য (জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী মো. তৈয়ব আলী, সদস্য (সহ-জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী সৈয়দ সাহাব উদ্দিন মল্লিক সাবু, সদস্য (আন্তর্জাতিক বিষয়) প্রকৌশলী মো. আব্দুল্লাহেল কাফি, সদস্য (শিক্ষা ও প্রশিক্ষণ) প্রকৌশলী মো. জিল্লুর রহমান খান, সদস্য (সহশিক্ষা ও প্রশিক্ষণ) প্রকৌশলী মোহাম্মদ সাবিউল করিম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান, সদস্য (তথ্য ও গবেষণা) প্রকৌশলী মো. মনজুল মুশতাক এবং সদস্য (ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি) প্রকৌশলী এস কে মাহমুদ আলম দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সদস্য (স্বাস্থ্য ও সমাজকল্যাণ) প্রকৌশলী মো. শওকত আলী মিয়া, সদস্য (দপ্তর) প্রকৌশলী মো. ওবাইদুল আলম, সদস্য (সহ-দপ্তর) প্রকৌশলী মো. রাসেদুল হাসান, সদস্য (মহিলা ও পরিবার কল্যাণ) প্রকৌশলী নাহিদ ফারজানা, সদস্য (সহ-মহিলা ও পরিবার কল্যাণ) প্রকৌশলী হোসনে আরা পারভীন, সদস্য (লাইব্রেরি) প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদস্য (প্রকাশনা) প্রকৌশলী রেজাউল করিম, সদস্য (চাকরি ও আইন) প্রকৌশলী এস এম কালাম হোসেন, সদস্য (মুক্তিযোদ্ধাবিষয়ক) প্রকৌশলী মো. সালাহউদ্দিন ভূইয়া এবং সদস্য (ছাত্রবিষয়ক) প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান।
ছাত্রসমাজের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার
এ প্রসঙ্গে আইডিইবির নবগঠিত অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য (ছাত্রবিষয়ক) প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন দৈনিক প্রভাতী খবরকে বলেন, “ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং যৌক্তিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংগঠনের সঙ্গে ছাত্রসমাজের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করতে কাজ করতে চাই। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আইডিইবিকে আরও গতিশীল, শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
সাংগঠনিক স্থবিরতা কাটার প্রত্যাশা
সারাদেশের বিভিন্ন জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রত্যাশা, নতুন এই অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আইডিইবির দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং সংগঠনের কার্যক্রমে ফিরবে প্রাণচাঞ্চল্য। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে নবগঠিত কমিটির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে সংগঠনের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন কমিটি আইডিইবিকে একটি গতিশীল ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোর দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।




