আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এ লক্ষ্যে ফিজিবিলিটি টেস্টের উদ্বোধন করতে শিগগিরই যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
হুইপ অপু বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে শরীয়তপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা হবে। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে সরকার। এ ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ সময়। পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা অর্জনে মনোযোগী হতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালুসহ অনেকে।
সূত্র: কালবেলা




