ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থী বাছাইয়ে একমত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বিরোধী নেতারা এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, আভিগদোর লিবারম্যান, টুগেদার জোটের নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এবং বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের মধ্যে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্তের আলোকেই সাবেক মন্ত্রী মাতান কাহানাকে নেসেটের নতুন স্পিকার হিসেবে এবং লিরান আভিশার বেন হোরিনকে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব গৃহীত হয়।
২৬তম নেসেট সদস্যদের শপথ গ্রহণের ঠিক পূর্ব মুহূর্তে এ সমঝোতায় পৌঁছায় বিরোধীরা। বর্তমান স্পিকার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতা আমির ওহানাকে সরিয়ে স্পিকার পদে পরিবর্তনের জন্য বিরোধী জোটের অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলীয় জোটের হাতে ১২০টি আসনের মধ্যে ৪৮টি আসন রয়েছে। তবে ইতোমধ্যে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য ২৮ দিনের সময়সীমা দিয়ে দায়িত্ব প্রদান করেছেন। আগামী বুধবার প্রস্তাবিত পদগুলো অনুমোদনের জন্য নেসেটে উপস্থাপন করা হবে।




