বিশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনের টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটিরও বেশি মানুষ বসবাস করেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের ঘটনা ঘটে।

রাজ্য সরকারের রিলিফ কমিশনারের কার্যালয় জানিয়েছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় এবার ‘অস্বাভাবিক ভারী’ বৃষ্টি হয়েছে। এতে এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তাদের মতে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ এ সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করেছে। বিশেষজ্ঞরা এর সঙ্গে ক্রমবর্ধমান তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তনশীল ধরনকে সম্পর্কিত বলে মনে করছেন।