শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকরা মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তিনি স্থলবন্দর নাকি বিমানে ফিরবেন, এ ক্ষেত্রে ভারতের কোনো প্রস্তুতি বা তাঁর নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "আমি বিষয়টিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছি। প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি নিষ্পত্তি করা হবে।" এছাড়া, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধ কিংবা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের নিশ্চয়তা চেয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন, "আপনি কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।"
অন্যদিকে, চলতি সপ্তাহে নির্ধারিত বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ বাতিল হওয়ার খবর প্রসঙ্গে জয়সওয়াল জানান, সংলাপটি বাতিল হয়নি; বরং দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় এবং বিদ্যমান কাঠামোর আওতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা ও ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থাসহ সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।




