শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যে তিনি নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর সময়েই শিক্ষার বিনিময়ে খাদ্য এবং নারীদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ চালু হয়েছিল। এই সুবিধা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে উল্লেখ করে স্পিকার জানান, বিএ পাশ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বর্তমান সরকারপ্রধানের কাছে অনুরোধ জানাবেন।
সংসদে নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, এবারের সংসদে সরাসরি ও সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যদের মধ্যে ব্যারিস্টার, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার কৃতী নারীরা রয়েছেন। তাঁদের জ্ঞান ও সংসদীয় আচরণ অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




