আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ এবং বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা এমনকি জীবনহানিরও কারণ হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে বাণীতে জানান তারেক রহমান। তিনি বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। এ সময় তিনি বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবসের স্বীকৃতি লাভের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং ডায়াবেটিস চিকিৎসাসেবা ও গবেষণায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।




