শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করার পর এর ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। ট্রেনচালকের তৎপরতায় তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলে ধোঁয়া কমতে শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা বালতি, কলস এবং পানির মোটরের পাইপ নিয়ে দ্রুত এগিয়ে আসেন এবং আশপাশের ড্রেন ও নির্মাণাধীন ভবন থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটিকে ঢাকার উদ্দেশ্যে গন্তব্যে পাঠানো হয়েছে এবং বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।




