তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে টিআরটি ওয়ার্ল্ডের ‘ওয়ান অন ওয়ান’ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়ে ড. খলিলুর রহমান জাতিসংঘের বর্তমান প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সংস্কার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব এখন আর ১৯৪৫ সালের অবস্থানে নেই; এই বাস্তবতা স্থায়ী সদস্যসহ সব রাষ্ট্রই স্বীকার করে। নিরাপত্তা পরিষদ সংস্কারবিষয়ক আন্তসরকার আলোচনা তদারক করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, সংস্কারের প্রক্রিয়ায় সবাই সম্মত হলেও এখন এমন একটি সর্বসম্মত পথ খোঁজা হচ্ছে যাতে ধাপে ধাপে এই পরিবর্তন বাস্তবায়ন করা যায়। এ ক্ষেত্রে আফ্রিকা মহাদেশের প্রতি দীর্ঘদিনের ঐতিহাসিক অবিচার দূর করে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি জানান, কোনো সদস্য ভেটো দিলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনার মাধ্যমে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চলতি বছর তিনি এ ধরনের দুটি আলোচনার আয়োজন করেছেন।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, "আজ যদি জাতিসংঘকে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে আগামীকাল আবারও একই ধরনের একটি সংস্থা গড়ে তুলতে হবে; এর কোনো বিকল্প নেই।" জলবায়ু পরিবর্তন মোকাবিলা থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও কঙ্গোতে মাঠপর্যায়ে জাতিসংঘের সেবামূলক কার্যক্রমের সাফল্য তুলে ধরে তিনি জানান, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর মূল লক্ষ্য হলো মানুষের আস্থা পুনর্গঠন ও রূপান্তর ব্যবস্থাপনার মাধ্যমে জাতিসংঘকে আরও কার্যকর করে তোলা।
এছাড়া, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিচারে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ১৯ নভেম্বর রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় ঘোষণা করবেন আদালত। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে নতুন মহাসচিব নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের পরিচয় ও মতবিনিময় পর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিব যাতে দায়িত্ব নিতে পারেন, সেজন্য আগামী ছয় সপ্তাহের মধ্যে নিরাপত্তা পরিষদকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




