আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিবরণ
এই চাঞ্চল্যকর মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে বর্তমানে ৮ জন কারাগারে বা গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ বাকি ১৮ জন আসামি পলাতক রয়েছেন। পলাতকদের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান ও কনস্টেবল মো. আবু ছায়েম।
এছাড়া অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মো. ফরিদ আহমেদ, ডি.এম. শামীম, মো. আনিছুর রহমান নাঈম ও মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার ও এএসআই মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।
মামলার প্রেক্ষাপট
প্রসিকিউশন সূত্র জানায়, এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন নির্ধারিত ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। এরও আগে গত ২০ আগস্ট ট্রাইব্যুনাল-১-এ এই বিষয়ে আদেশের কথা থাকলেও পরবর্তীতে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরিত হয় এবং উভয় পক্ষের পুনঃশুনানি অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠিত হলে এই বহুল আলোচিত মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।




