শনিবার দুপুরে উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার কারখানা মালিকদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ অন্যান্য নেতারা মালিকদের এই কঠোর সিদ্ধান্তের কথা তুলে ধরেন। শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বন্ধের দিনগুলোর জন্য কোনো মজুরি পাবেন না।
ব্রিফিংয়ে জানানো হয়, শ্রম অসন্তোষের কারণে শুক্রবার মোট ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার ৫৫টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যেখানে শ্রমিকরা মজুরি পাবেন। বিজিএমইএ সভাপতি স্পষ্ট করেন, সংগঠন হিসেবে বিজিএমইএ বা বিকেএমইএ কারখানা বন্ধের নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখে না; বরং বৈঠকে মালিকরাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, বেশিরভাগ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও একটি মহলের উসকানিতে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, মালিক ও শ্রমিক—সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তিনি। পাশাপাশি আগামী সোমবার অনুষ্ঠেয় ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি মজুরি সংক্রান্ত প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে শুক্রবার শ্রমিক সংগঠনগুলোও উসকানিতে পা না দিয়ে কাজে ফিরতে শ্রমিকদের আহ্বান জানিয়েছিল।




