গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য রাখার সময় স্বর্ণের দাম কমার পেছনে নিজের আহ্বানের ভূমিকার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। তিনি জানান, মে মাসে এক বছরের জন্য অপ্রয়োজনে স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন তিনি এবং দেশবাসী তা মানায় দাম কমে মানুষের অর্থ সাশ্রয় হয়েছে। ১৯৬৫ সালে লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার উদাহরণ টেনে ভারতীয়দের সেই মানসিকতার প্রশংসা করেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুডরিটার্নসের তথ্য অনুযায়ী দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি দাম ৯ মে ১৫ হাজার ২৫০ রুপি থেকে কমে ২১ নভেম্বর ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়ায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে মে মাসে জ্বালানি সাশ্রয় ও বিদেশ ভ্রমণ কমানোর পাশাপাশি স্বর্ণ না কেনার সাত দফা আহ্বান জানিয়েছিলেন মোদি এবং সরকার স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল।
ভারত সরকারের হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে অক্টোবর সময়ে স্বর্ণ আমদানি ব্যয় আগের বছরের ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার থেকে প্রায় ৪০ শতাংশ কমে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটিতে স্বর্ণের চাহিদা ২৯ শতাংশ ও স্বর্ণালংকারের চাহিদা ২০ শতাংশ কমেছে।




