নয়া দিগন্ত অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক অবস্থান নিয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নয়াদিল্লি কোনো মন্তব্য করতে চায় না। অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার পাশাপাশি গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরই জোর দেন তিনি।




