ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ল্যান্ডফল বা স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির সম্পূর্ণ অংশ স্থলভাগে প্রবেশ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বাতাস ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে এবং রাজ্যটির আরও বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা বলবৎ রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুই রাজ্যের প্রশাসনই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে; নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পাশাপাশি জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলবাসীকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।




