গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি তাঁর মা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে উল্লেখ করেন, সেনানিবাসে দীর্ঘ সময় কাটানো বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যাত্রা শুরু করা সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক, যার গর্বিত সদস্য ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অতীতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা হলেও মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থান এবং প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষেই অবস্থান নিয়েছে।
সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ড অটুট রাখা এবং বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করে গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন। পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা রক্ষা ও একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।




