দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল বর্তমান সরকারও তাদের মতোই গুলি চালাবে; কিন্তু সরকার তাদের পথ অনুসরণ না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করবে। গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের বক্তব্যে আইনমন্ত্রী ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা ‘ক্রসফায়ারের’ নামে গুলিতে নিহত হয়েছেন এবং ৭০০-এর বেশি নেতাকর্মীকে তুলে নিয়ে গুম করা হয়েছে, যাঁদের অনেকেই এখনো ফেরেননি।
এ ছাড়া গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলতে গিয়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার এবং লাখ লাখ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। সেই দুঃসময় থেকে দেশকে মুক্ত করতে জেন-জি প্রজন্মের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, স্বজন হারানোর বেদনা ও ক্ষত ভুলে না গিয়ে এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে।




