শনিবার সকালে কলকাতায় পা রাখা মহাতারকা লিওনেল মেসির তিন দিনের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর সূচি নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশেষত কলকাতায় তার দিনটি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ একাধিক ইভেন্টে, যার মধ্যে রয়েছে যুবভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অংশগ্রহণ এবং ভক্তদের সাথে সরাসরি কথা বলার সুযোগ।
কলকাতায় মেসির দিনের শুরুতেই ছিল আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের সাথে ব্যক্তিগত সাক্ষাতের পর্ব। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এই ব্যক্তিগত সাক্ষাৎ। এরপর অনলাইনে যুক্ত হয়ে নিজের নামে তৈরি একটি ভাস্কর্য উদ্বোধন করবেন তিনি। এই ভাস্কর্যটিকে শহরের ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দিনের সবচেয়ে বড় আকর্ষণ রাখা হয়েছে সন্ধ্যায়, যখন যুবভারতী স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ এবং ভক্তদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পর্ব দিয়েই কলকাতার ব্যস্ত সূচি শেষ হবে।
অন্যদিকে, এই মেগা ইভেন্ট ঘিরে টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে ইভেন্টে প্রবেশের সুযোগ দেওয়া হয়, যেখানে টিকিটের দাম শুরু হয়েছিল প্রায় ৪,৫০০ রুপি থেকে। তবে ব্যাপক চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে যায়। আয়োজকরা জানিয়েছেন, ১৪ বছর পর মেসির ভারতে আগমন ভারতীয় ফুটবলের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। গভীর রাতে বিমানবন্দর থেকে শুরু হওয়া ভক্তদের এই ঢলই প্রমাণ করে, ভারতে ফুটবলের প্রতি মানুষের আবেগ কতটা গভীর। বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হয়েছে।