জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ওসমান হাদির ওপর গুলি চালানো মানে শুধু একটি মানুষের মাথাকে লক্ষ্য করা নয়; এই হামলা বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেককে ফুটো করে দিয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে 'ইনকিলাব মঞ্চের' বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ তার ভাই ওসমান হাদির আত্মত্যাগকে মহিমান্বিত করে বলেন, গেল ৫৪ বছরে বাংলাদেশ একটি মাত্র 'ওসমান হাদিকেই' উপহার দিতে পেরেছে। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, "আপনি চাইলেও, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারব না।" ওসমান হাদির এই অসম সাহসিকতাকে উদাহরণ টেনে তিনি বলেন, "৮০ বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে ওসমান হাদির মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের।"
অন্যদিকে, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা এই সমাবেশ থেকে সরকারকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "আমাদের চোখে আপনারা শুধু অশ্রু দেখছেন, কিন্তু ভেতরে যে বারুদ এইটা কিন্তু আপনারা এখনও দেখেননি। এটা দেখার সাহস করবেন না কেউ।" এই বারুদের মাধ্যমে তিনি জনগণের চাপা ক্ষোভ ও প্রতিবাদের আগুনকেই ইঙ্গিত করেন।
বক্তারা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, ৫ আগস্টের মতো ঐতিহাসিক পরিবর্তনের পরও কেউ দেশের 'কালচারাল ফ্যাসিইজমকে' সঠিকভাবে মোকাবেলা করতে পারেননি। ফাতিমা তাসনিম জুমা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে 'সুশীলকতা' রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, তার ফলস্বরূপ আজ ওসমান হাদির মতো মানুষকে মূল্য দিতে হচ্ছে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।