রাজনীতি

ঐতিহাসিক সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের খুঁটিনাটি

ঐতিহাসিক সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের খুঁটিনাটি

দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫'-এর অধীন ৩০টি মৌলিক সংস্কার প্রস্তাবের ওপর জনগণের মতামত জানতে চাওয়া হবে। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গণভোটের প্রশ্নটি হলো: ‘জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি ভোটারগণ সম্মতি জ্ঞাপন করেন কি না (হ্যাঁ/না)’। ইসির পরিপত্র অনুযায়ী, এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মধ্যে রয়েছে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়াকে নতুন পথে চালিত করা। গণভোটের মাধ্যমে জনগণ যদি সম্মতি দেয়, তবে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট (Bicameral)। এর নিম্নকক্ষ থাকবে বর্তমানের মতো, আর দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন বাধ্যতামূলক হবে, যা ভবিষ্যতে সংবিধানের স্থিতিশীলতা নিশ্চিত করবে।

এছাড়াও, গণভোটে সম্মতি জানালে সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের ক্ষমতা, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্রপতির ক্ষমতাসহ মোট ৩০টি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সংস্কারগুলো আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে।

ভোটদানের পদ্ধতি অত্যন্ত সহজ করা হয়েছে। ভোটারকে জাতীয় নির্বাচনের সাদা ব্যালটের পাশাপাশি একটি গোলাপী রঙের গণভোটের ব্যালট দেওয়া হবে। গোপন কক্ষে হ্যাঁ বা না-তে সিল দেওয়ার পর, ভোটার দুটি ব্যালট পেপারই একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই গণভোট ও সংসদ নির্বাচন পরিচালনার জন্য একই কর্মকর্তা ও একই ভোটকেন্দ্র ব্যবহৃত হবে। এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর এক বড় পরিবর্তনের সূচনা হতে চলেছে।