দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো। তার বিধ্বংসী ব্যাটিংয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১৪.২ ওভারেই ১৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইস্টার্ন কেপ।
টস জিতে ব্যাটিং নেওয়া প্রিটোরিয়া ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। দলের পক্ষে ওপেনার কনর এস্থারহুইজেন ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করেন। ছয়ে নেমে শেরফানে রাদারফোর্ড ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রান যোগ করেন। এছাড়া উইহান লুবে করেন ২১ এবং ব্রেস পারসনস করেন ১৮ রান।
ইস্টার্ন কেপের বোলারদের মধ্যে আনরিখ নরকিয়া ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাডাম মিলনে শিকার করেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন লুথো সিম্পালা ও লুইস গ্রেগরি।
টার্গেট তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটিতে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। তাদের দাপটে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রিটোরিয়া ক্যাপিটালস। ডি কক ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন। অপর প্রান্তে বেয়ারস্টো ৪৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় করেন অপরাজিত ৮৫ রান।
ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ১২তম ওভারে। বল হাতে নেন প্রিটোরিয়ার অধিনায়ক কেশভ মহারাজ। সেই ওভারে বেয়ারস্টোর তাণ্ডবে পুরোপুরি ম্যাচ হাতছাড়া হয়ে যায় প্রিটোরিয়ার। প্রথম তিন বলে টানা তিন ছক্কা হাঁকান বেয়ারস্টো। চতুর্থ বলে স্লগ সুইপে আসে চার, এরপর শেষ দুই বলে আরও দুটি ছক্কা। এক ওভারেই ৫ ছক্কা ও ১ চারে মোট ৩৪ রান দেন মহারাজ যা এসএ২০ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ওভার।
অথচ ওই ওভারের আগে বেশ নিয়ন্ত্রিত বোলিং করছিলেন মহারাজ। প্রথম দুই ওভারে দিয়েছিলেন মাত্র ১৬ রান। কিন্তু তৃতীয় ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-৫০-০, যা ম্যাচের সবচেয়ে ব্যয়বহুল বোলিং পরিসংখ্যান।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ৩ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রিটোরিয়া ক্যাপিটালস ৫ ম্যাচে মাত্র ১ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে।