সর্বশেষ

সাংবাদিক হাবিবের ওপর হামলার  নিন্দা ও বিচারের দাবি খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিক হাবিবের ওপর হামলার  নিন্দা ও বিচারের দাবি খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের

 

জ্যেষ্ঠ প্রতিবেদক:

পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিবকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজ সিন্ডিকেট কর্তৃক হেনস্থা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু এবং সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক সমাজে অশনিসংকেত।
নেতৃবৃন্দ আরও বলেন, হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কারওয়ান বাজারে ‘২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর থেকেই সংশ্লিষ্ট চাঁদাবাজ সিন্ডিকেট হাবিবকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
গত ২৮ এপ্রিল কারওয়ান বাজারের একটি স্পর্শকাতর স্থান থেকে অর্থ লুটপাট ও চাঁদাবাজি সংক্রান্ত দ্বিতীয় পর্বের প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তাকে ও তার সঙ্গে থাকা ভিডিও সাংবাদিককে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি করে প্রাণনাশের চেষ্টা চালায়। এসময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
পরবর্তীতে এক জ্যেষ্ঠ সাংবাদিক ও পুলিশের সহায়তায় তারা সেখান থেকে উদ্ধার হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।