সর্বশেষ

ফরিদপুরে কারাবন্দির মৃত্যু

ফরিদপুরে কারাবন্দির মৃত্যু

ফরিদপুরে কারাবন্দির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।

সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবর আলীর ছেলে। তিনি গত তিন মাস ধরে কারাভোগ করছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, সৈয়দ আশরাফ আলী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৭ মে) রাত ৮টার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, ‘সৈয়দ আশরাফ আলীর নামে মোট ৪টি মামলা রয়েছে।

এর মধ্যে দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ মার্চ তিনি জেলা কারাগারে আসেন। এ ছাড়া আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে ‘

তিনি আরো বলেন, ‘চিকিৎসকদের দেওয়া মৃত্যু সনদে ‘নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপজনিত অস্থিরতায় মৃত্যু’ উল্লেখ করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় জেলা কারাগারের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করবেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’