প্রভাতী খবর ডেস্ক :
ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সামনে থাকা দুটি মাহেন্দ্র ও একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন।
এদিকে শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয় এবং আরও অন্তত চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে চান মিয়া কবির (৩২) নামে এক ব্যাংক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বন্ধু সুমন মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।