লক্ষ্মীপুর প্রতিনিধি :
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন। মসজিদে বসে বয়ান করবেন, রাজনীতি করবেন—ওই দিন শেষ। ফিল্ডে কাজ, বাস্তবে কাজ, মাঠে কাজ করতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড় এলাকায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, কর্মীদের নিয়ে, মানুষকে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করার কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে এই কাজগুলোই আমরা করছি। আসুন সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
তিনি আরও বলেন, এটাই দেশের স্লোগান—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, জিয়াউর রহমানের কর্মসূচির ধারাবাহিকতায় তারা রাজনীতি করছেন।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। তার (খালেদা জিয়ার) অসমাপ্ত কাজগুলো তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, এই কাজগুলো শেষ করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।