জাতীয়

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠানোর কাজ চলছে: প্রতিমন্ত্রী

১ কোটি দক্ষ জনশক্তি বিদেশ পাঠানোর কাজ চলছে: প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, জনশক্তি রপ্তানিতে দক্ষতার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারের লক্ষ্য অনুযায়ী দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে ১ কোটি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে এসে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্লান। একটি পরিকল্পনা নিয়েই তিনি দেশে এসেছেন এবং বাস্তবায়নে কাজ করছেন।

তিনি বলেন, দেশের অনেক মানুষ বিদেশে যাওয়ার সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্যক্রম অনলাইনের আওতায় আনার কাজ চলছে। এতে বিদেশগামী কর্মীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে এবং প্রতারণার সুযোগ কমবে। প্রয়োজনে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে যুক্ত এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃত সাব-এজেন্সি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অভিযোগ কমিয়ে একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

নুরুল হক বলেন, শুধু বিদেশে জনশক্তি পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন কর্মী যে দেশে যাবেন, সেই দেশের কর্মক্ষেত্রের চাহিদা, ভাষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করেই যাতে যেতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে বিদেশে কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি ভালো বেতন ও মর্যাদা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। এ জন্য দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। বিদেশের শ্রমবাজারে যেসব পেশার চাহিদা বেশি, সেসব বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।