জাতীয়

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরসহ সিটি কর্পোরেশনের একটি গাড়িতে আগুন দেয় হকাররা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

জানা গেছে, সকালে সিটি কর্পোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। এ সময় হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।