গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের অর্ধেক বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভার অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হতে পারে।
এ ছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের চিকিৎসাসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, আইনি সহায়তার জন্য ল’ ফার্ম নিয়োগ এবং সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।




