ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় নিয়োজিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মেডিকেল বোর্ড এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়। সেই স্ক্যানে দেখা গেছে, তার মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে, যা তার ক্লিনিক্যাল পরিস্থিতিকে চরম আশঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। মস্তিষ্কের অভ্যন্তরে আঘাত এবং অতিরিক্ত ফোলা থাকার কারণে তার রক্তচাপের ওঠানামা ক্রমশ বাড়ছে। পাশাপাশি, আজ তার হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। এমন পরিস্থিতিতে তার রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে নিবিড় ও প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট ২৪ ঘণ্টা চলমান রয়েছে।
মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে জানিয়ে বলেছে, শরিফ ওসমান হাদির সার্বিক অবস্থা বর্তমানে 'অত্যন্ত উদ্বেগজনক'। বোর্ড আরও জানায়, যদি উন্নত চিকিৎসার জন্য হাদিকে দেশের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও কিছু ইতিবাচক দিক তুলে ধরে মেডিকেল বোর্ড জানায়, হাদির ফুসফুসের কার্যকারিতা এবং মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউবও স্বাভাবিকভাবে সচল আছে। এছাড়া, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় ইউরিন উৎপাদনে প্রভাব পড়ছে, যা নিয়ন্ত্রণে আনার জন্য চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অপ্রয়োজনে ভিড় না করতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।