আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন সব পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয় শুভেচ্ছার জোয়ার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন   সব পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয় শুভেচ্ছার জোয়ার

আদালত প্রতিবেদক:

রাজধানীর আইন অঙ্গনে বহুল আলোচিত ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি ২৩টি পদে বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবনির্বাচিত নেত্ববৃন্দ।

দুই দিনব্যাপী (বুধবার ও বৃহস্পতিবার) ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে ভোট গণনা সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এস এম কামাল উদ্দিন  পেয়েছেন ২ হাজার ১শ ৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবুল কালাম খান ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬শ ৬১ ভোট।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, ট্রেজারার, সম্পাদকসহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ পদেই নীল প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৭ শ ৩১ জন, যার মধ্যে ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দমত নেতা নির্বাচন করেন।

শুভেচ্ছা ও প্রত্যাশা

নির্বাচিত নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং দৈনিক প্রভাতী খবরের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মনিয়ারা খানম। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরো আশা প্রকাশ করে বলেন , ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়াই নয়, বরং দেশের আইন পেশাজীবীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। নতুন নেতৃত্বের প্রতি আইনজীবীদের প্রত্যাশাস্বচ্ছতা, ঐক্য এবং পেশাগত মর্যাদা আরও সুসংহত করা।

আইন অঙ্গনের বিশ্লেষকদের মতে, এই বিজয়ের মাধ্যমে নীল প্যানেল আগামী মেয়াদে সমিতির কার্যক্রমে গতিশীল ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।