বিশ্ব

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তারা বলেছে, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে দুই দেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে।

বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনস্যুলারগুলো সম্পূর্ণভাবে সচল রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, “গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, সেগুলো আবার ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।”

গত ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও পার্লামেন্টের স্পিকার ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন।

২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। এরপর চলতি বছরের ফেব্রয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লি সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়।

একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছন, যখন ভিসার বিষয়টি স্বাভাবিক হবে তখন ভারত ও বাংলাদেশ অন্যান্য বিষয়— অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতা নিয়ে কাজ করবে। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হতে পারে বলে জানিয়ছে সূত্রগুলো।

ভারত সরকার জানিয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভিসা সেবা সীমিত করে দেয়। কিন্তু কখনো পুরোপুরি বন্ধ করে দেয়নি। ওই সময় শুধুমাত্র পারিবারিক ও চিকিৎসার মতো জরুরি ভিসাগুলো দেওয়া হয়।

এখন ভিসা সেবা ধীরে ধীরে সম্পূর্ণভাবে চালু করতে কাজ চলছে বলে জানিয়েছে সূত্রটি।

আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ভারতের নতুন রাষ্টদূত হিসেবে দায়িত্ব নেবেন দীনেশ ত্রিবেদী। ধারণা করা হচ্ছে ভারত দ্রুত সময়ে সম্পূর্ণ ভিসা সেবা চালু করে দেবে।

এদিকে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি ভিসা সেবা চালুর পর গত দুই মাসে ভারতীয়দের ১২ হাজার ভিসা দেওয়া হয়েছে। যারমধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা এবং যারা পরিবারের সঙ্গে দেখা করতে চান তাদের ভিসা প্রদান করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস