মূল খবরে যান

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বিশ্ব

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে যোশিমঠ-বদ্রীনাথ রুটে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এটি বিধ্বস্ত হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসসংলগ্ন পাহাড়ের ঢালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

নিহত ছয়জনই পুরুষ। তাঁদের মধ্যে যাত্রী প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু রয়েছেন।

উত্তরাখণ্ডের বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স নিবন্ধন নম্বরের হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সাহাস্ত্রধারার উদ্দেশে যাচ্ছিল। যোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। গুরুতর আহত কাউকে পাওয়া গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি 

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz