২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৬ দশমিক ২ শতাংশ।




