ডেস্ক রিপোর্ট:
প্রত্যাশিত দেশ গড়তে সরকার ‘সর্বাত্মক’ রাত-দিন কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীতারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সার্কিট হাউজ মাঠে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছর দেশে উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নের জন্য তাঁর পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
দিনাজপুরে নিজ নানী বাড়ির স্মৃতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ এলাকা রউন্নয়নে বিষয়টি ব্যাপকভাবে ভাবছি। এসময় তিনি এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, শিগগির দেশের শিল্প কারখানা মালিকদের সাথে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা স্থাপন করে কীভাবে দেশের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। এ সময়, দিনাজপুরে শিল্প কারখানা স্থাপন করে বেকাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের মেয়াদ এক মাসও হয়নি। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে।
তিনি উল্লেখ করেন, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা প্রদান ও খাল খননের কাজ শুরু হয়েছে। আগামী মাসে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।
সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দিনাজপুরসহ সারা দেশের পানির সমস্যার সমাধান হবে। কৃষি জমি আবাদে পানি সংকট থাকবে না। ভূর্গভস্থ পানির স্তরে উপরে উঠলে আর্সেনিক সমস্যার সমাধান হবে।
দিনাজপুর জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দুলালের সভাপত্বি এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম, দিনাজপুর চেম্বার অ্যান্ড কর্মাসের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জমিয়তে ইসলামীর সভাপতি মতিউর রহমান কাশেমী ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।