সর্বশেষ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি ৪৭ শিশু

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি ৪৭ শিশু

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত কয়েকদিন ধরে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ শিশু। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৭ জন রোগী।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে রোগী আসা শুরু করলেও মার্চের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। 

গত ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৭৯৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০২ জন। তবে এই সময়ের মধ্যে হামের সংক্রমণে প্রাণ হারিয়েছে ১৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও স্থানান্তর করার প্রয়োজন হয়নি।

বর্তমানে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক একটি আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। সেখানে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইসোলেশন ওয়ার্ডে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি থাকা ৭৭ জন শিশুর সঠিক চিকিৎসা নিশ্চিতে মেডিকেল টিমগুলো কাজ করছে।