সর্বশেষ

জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে- ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব; সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদবাকি যে প্লটগুলো আছে, সেগুলো কিছু স্থানীয় দখল সমস্যা আছে। ওই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন আরও, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। এ ক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।