বিনোদন

জয়া আহসান এলেন, দেখলেন, পথের গল্পকে ভালো বললেন

জয়া আহসান এলেন, দেখলেন, পথের গল্পকে ভালো বললেন

বিনোদন প্রতিবেদক

চেনা দেশের ভেতরেই লুকিয়ে থাকা অচেনা গল্প আর অদেখা পথকে সামনে নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু হলো ভিন্নধর্মী ট্র্যাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’। দেশের প্রতিটি জেলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের নানা দিক এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হবে নতুন দৃষ্টিতে। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী।

গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই চণ্ডীগড় চা বাগান–এর শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক ট্র্যাভেলার ও ট্র্যাভেল কনটেন্ট ক্রিয়েটরের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহসীন-উল-হাকিম, ভ্রমণপ্রেমী সহোদর অণু তারেক ও অপু তারেক, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, রনি শারাফাত–সহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান, যিনি পুরো অনুষ্ঠানে আলোকিত উপস্থিতি দিয়ে দর্শকদের মনোযোগ কাড়েন।

উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় সিরিজটির বিশেষ পর্ব  ‘কাছিমের বাপ’। এতে তুলে ধরা হয় আব্দুল লতিফের অনন্য জীবনগল্প। গত ২৪ বছর ধরে তিনি বিপন্ন কচ্ছপের ডিম সংগ্রহ করে তা ফুটিয়ে সমুদ্রে অবমুক্ত করছেন। এ পর্যন্ত তিনি ৫০ হাজারেরও বেশি কচ্ছপকে নতুন জীবন দিয়েছেন।

এই প্রসঙ্গে জয়া আহসান বলেন, ব্যস্ত জীবনে আমরা আশপাশের এমন অসাধারণ গল্পগুলো দেখার সময় পাই না, আর এই উদ্যোগ সেই গল্পগুলোকে সামনে নিয়ে আসবে। তিনি ভবিষ্যতেও এমন আরও গল্প দেখার আশাবাদ ব্যক্ত করেন।

মোহসীন-উল-হাকিম বলেন, ‘গানচিল পথের গল্পের মতো একটি উদ্যোগ নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে।’

গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টিভঙ্গি রেখে যেতে চান, যার মাধ্যমে তারা বাংলাদেশকে নতুনভাবে দেখতে পারবে। নির্মাতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশের গল্পগুলোকে নতুন লেন্সে দেখানোর স্বপ্ন নিয়েই এই যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গীতিকার ও শিল্পী লুৎফর হাসান এবং লেখক তামান্না সেতু। ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’-এর পর্বগুলো শিগগিরই দেখা যাবে  ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।