মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৭১০ কোটিরও বেশি রুপি আয় করে তামিল চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি।
দক্ষিণী সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’। বাণিজ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৭১০.৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মাধ্যমে ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তেরই আরেক ব্লকবাস্টার সিনেমা ‘২.০’-এর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন শীর্ষস্থান দখল করল ‘জেলার ২’।
বক্স অফিসে আয়ের পরিসংখ্যান স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭১০.৩৫ কোটি রুপি। এর মধ্যে—
-
ভারতের বাজারে নিট আয়: ৩৯৮.৭০ কোটি রুপি (করসহ মোট আয় ৪৬৬.৮৫ কোটি রুপি)।
-
আন্তর্জাতিক বাজার: ২৪৩.৫০ কোটি রুপি।
গত ২৫ অক্টোবর একা দিনেই ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি ২৫.৭০ কোটি রুপি নিট আয় করেছে। এর মধ্যে তামিল সংস্করণ থেকে ১৭.৩৫ কোটি, তেলুগু থেকে ৪.৫০ কোটি, হিন্দি থেকে ৩.১৫ কোটি এবং কন্নড় সংস্করণ থেকে ৭০ লাখ রুপি আয় হয়েছে।
ভাঙল যেসকল রেকর্ড মুক্তির প্রথম সপ্তাহান্তেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়েছিল ছবিটি। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবিগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা। এর আগে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ডটি ছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘২.০’-এর দখলে, যার মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি। ‘জেলার ২’ সেই অঙ্ক পেছনে ফেলে দিয়েছে।
এছাড়া থালাপাতি বিজয়ের ‘লিও’ (প্রায় ৬০৫ কোটি রুপি) এবং রজনীকান্তের আগের সিনেমা ‘জেলার’ (প্রায় ৬০৪ কোটি রুপি)-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিক্যুয়েলটি। মাত্র ১১ দিনে ৭০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘জেলার ২’ দক্ষিণী চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যে নতুন অধ্যায়ের সূচনা করল।




