সর্বশেষ

খুলনা বিভাগীয়  হাসপাতালটির এখন বক্ষব্যাধি ?

খুলনা বিভাগীয়  হাসপাতালটির এখন বক্ষব্যাধি ?


ডেস্ক রিপোর্ট:
খুলনার মহানগরীর ফুলবাড়ি গেটস্থমীরেরডাঙ্গায় অবস্থিত বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। সংস্কার, আধুনিকায়ন এবং জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। বর্তমানে বিভিন্ন বেসরকারী সংস্থার উদ্দোগে বক্ষব্যাধির চিকিৎসা চলার কারণে এই হাসপাতালের রোগীর সংখ্যা এখন দিন দিন কমেছে। অনেকে আবার বাসায় বসে চিকিৎসা নেওয়ায় হাসপাতালের ইনডোরে রোগী একেবারে নেই।

নাগরিক সমাজ বলছে, ‘হাসপাতালের যথেষ্ট জায়গা রয়েছে। সরকার উদ্যোগ নিলে এই হাসপাতালটি বর্ধিত করে জেনারেল হাসপাতালে রূপান্তর করা সম্ভব। একইসঙ্গে বক্ষব্যাধি চিকিৎসা দেওয়াও সম্ভব। জেনারেল হাসপাতাল নির্মাণ হলে একদিকে জনবল নিয়োগে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং চিকিৎসাসেবার নতুন মাত্রা তৈরি হবে খুলনায়।’

গতকাল সোমবার সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের আবাসিক রুমগুলোর সিলিং থেকে চুন-সুরকি ( পলেস্তরা) খসে খসে পড়ছে। সংস্কারের অভাবে বেহাল দশায় রয়েছে হাসপাতাল। তুলনামূলক কম রোগী থাকায় পুরো হাসপাতালে সুনসান নিরবতা বিরাজ করছে।

অপরদিকে হাসপাতালের জায়গার একটি বিশাল স্থান জুড়ে রয়েছে পরিত্যক্ত ভবন। গ্যারেজে রয়েছে অ্যাম্বুলেন্স। চারোদিকে নেই সীমানা প্রাচীর ও নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা। 

চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা বলেন, ‘হাসপাতালের দেওয়াল এবং সিলিং সংস্কারের অভাবে বেহাল দশায় রয়েছে। সবাইকে আতঙ্কে থাকতে হয়। একাধিকবার সিলিং থেকে পলেস্তারা খসে পড়েছে। অনেক সময় গায়েও পড়েছে অনেকের। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এমন অবস্থায় থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য শিফট অনুযায়ী ডাক্তার আর নার্সদের থাকতে হয়। কিন্তু চারোদিকে নিরাপত্তার অভাবে রাতে অনেক সময় ভীতিকর অবস্থা তৈরি হয়।’

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের আউটডোরে গড়ে দৈনিক ৭০-৮০ জন রোগী আসে। আর আবাসিকে ৪০-৪৫ জন রোগী থাকে। এখানে চিকিৎসকসহ ১৮৪ মঞ্জুরীকৃত পদের বিপরীতে জনবল আছে মাত্র ১১৬ জন। শূন্য রয়েছে ৬৮টি পদ। বিভাগীয় এ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। শূন্য রয়েছে ২ জন সিনিয়র কনসালটেন্ট পদ। ২ জন আবাসিক মেডিকেল অফিসারের মধ্যে আছেন ১ জন, প্যাথলজিস্ট পদ রয়েছে শূন্য, রেডিওলজিস্ট পদও আছে শূন্য, মেডিকেল অফিসার আছেন ৪ জন, উপ সেবা তত্ত্বাবধায়ক পদ রয়েছে শূন্য, নার্সিং সুপার ভাইজারের ৬টি পদের ১টি শূন্য, সিনিয়র স্টাফ নার্সের ৮০টি পদের একটি শূন্য, স্টাফ নার্সের ১০টি পদের তিনটি শূন্য, স্টুয়ার্ড পদও রয়েছে শূন্য, সহকারী সেবিকার ১৭টি পদের ১টি শূন্য, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) পদ রয়েছে শূন্য, অফিস সহায়ক ২৫টি পদের মধ্যে ৬টি রয়েছে শূন্য, বাবুর্চির ৫টি পদের ১টি শূন্য, পরিচ্ছন্ন কর্মীর ১৫টি পদের ৩টি শূন্য রয়েছে। এছাড়া প্রধান সহকারী, হিসাব রক্ষক, ক্যাশিয়ার ও অফিসা সহকারীর পদও শূন্য রয়েছে।

ভর্তি রোগী জালাল মোল্যা বলেন, ‘প্রায় দুই মাস ধরে এখানে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছি। চিকিৎসায় কোনো গাফিলতি নেই। তবে হাসপাতালটির অবস্থা খুবই খারাপ। মাঝে মধ্যে পলেস্তারা খসে পড়ে। আতঙ্কে থাকতে হয়। রাতেতো ভয় লাগে মাথায় আবার ছাদ ভেঙে না পড়ে।’

১৮ মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন শাহ জাহান শেখ। তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা সেবায় কোনো সমস্যা নেই। কিন্তু হাসপাতালের সংস্কার দরকার। পুরাতন ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণ করা দরকার। প্রায় সময় সিলিং থেকে সিমেন্ট বালি খসে পড়ে। রাতে ঘুমন্ত অবস্থায় পড়লে আহত হতে হবে। এজন্য মশারি টানিয়ে থাকতে হয়।’

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতাল বক্ষব্যাধি রোগের বিশেষ চিকিৎসার জন্য নির্মিত হয়েছে। বর্তমানে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করতে পারলে চিকিৎসা সেবাও দেওয়া সম্ভব। ফুলবাড়িগেট, দৌলতপুর এবং শিরোমনি ঘিরে এখনে অনেক মানুষের বসবাস গড়ে উঠেছে। তাদের খুলনা নগরীতে চিকিৎসার জন্য যেতে হয়। এখানে চিকিৎসাসেবা দিতে পারলে স্থানীয়দের ভোগান্তি অনেকটা কমানো সম্ভব হবে।’ 

তিনি বলেন, ‘হাসপাতালে বর্তমানে রোগী কম থাকায় বিশাল এক কর্মীবাহিনীকে অলস সময় কাটাতে হয়। এজন্য কর্মপরিধি বৃদ্ধি করলে দুই দিকেই লাভ হবে সরকারের। বক্ষব্যাধি হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।’

মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘হাসপাতাল সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে বড় ধরনেরর কোনো সংস্কার হয়নি। ছোট একটি বরাদ্দ পেয়ে গত বছর রং ও ছোট ছোট কিছু কাজ কাজ করানো হয়েছে।’ 

তিনি বলেন, ‘ভর্তি হওয়া এবং বহির্বিভাগের রোগীদের আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। তবে জনবল ঘাটতিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, হাসপাতালের চারোদিকে কোনো নিরাপত্তা নেই। প্রায় সময় পরিত্যক্ত ভবনগুলোতে চুরি হয়। বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে। তবে পরিত্যক্ত ভবনগুলো অপসারণ করে এখানে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে। সে সুযোগ রয়েছে। তাহলে চুরি কমবে এবং মানুষকে বক্ষব্যাধির পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবাও দেয়া সম্ভব হবে।’সূত্র-আমাদের সময়